• ঢাকা |

ভালো মুসলমান মানেই অসাম্প্রদায়িক: রুহুল আমীন ভূইয়া


নিউজ প্রকাশের তারিখ : ১ অক্টোবর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

নুরউদ্দিন জাবেদ, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমীর ও লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মাষ্টার রুহুল আমীন ভূইয়া বলেছেন, ইসলাম কোনো সাম্প্রদায়িক ধর্ম নয়। ভালো মুসলমান মানেই ভালো অসাম্প্রদায়িক।
মঙ্গলবার রাতে রায়পুর উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শনকালে তিনি বলেন, মন্দিরে পূজামণ্ডপ পাহারা দিতে হয় আইনশৃঙ্খলা বাহিনীকে, কিন্তু মসজিদ পাহারার প্রয়োজন হয় না। এটা মুসলমানদের জন্য বড় ধরনের দায়িত্ব। 
তিনি আরও বলেন, বাংলাদেশে যারা সনাতন ধর্মাবলম্বীদের ভোট ব্যাংক মনে করে, তাদের হাতেই সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হন সনাতন ধর্মাবলম্বীরা। অথচ আমরা সবাই এ দেশের নাগরিক, এ দেশের সকল সুবিধা সমানভাবে ভোগ করবো।
অমুসলিমদের বিষয়ে রুহুল আমীন ভূইয়া বলেন, অমুসলিমরা জামায়াতের সাথেও সম্পৃক্ত হতে পারবেন। আল্লাহ যদি আমাদের সরকার গঠনের সুযোগ দেন, রাষ্ট্র যেমন মসজিদ প্রতিষ্ঠা করবে, তেমনি মন্দিরগুলোকেও সংস্কার করবে।
এ সময় উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট আব্দুল আউয়াল রাছেল, পৌর আমীর হাফেজ ফজলুল করিম, নায়েবে আমীর এডভোকেট কামাল উদ্দীন ও সেক্রেটারি আশরাফুল ইসলাম রাকিবসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।