নিজস্ব প্রতিনিধি: ঢাকা-০৬ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১-দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী ড. মুহাম্মাদ আব্দুল মান্নান বলেছেন, "পুরান ঢাকার সাধারণ ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং এই এলাকাকে সম্পূর্ণ চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত করাই আমাদের প্রধান লক্ষ্য।"
বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীর ওয়াজঘাট বাদামতলী ফল ব্যবসায়ী বৃন্দের আয়োজনে অনুষ্ঠিত এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. আব্দুল মান্নান তার বক্তব্যে এলাকার উন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, "ঢাকা-০৬ নির্বাচনী এলাকায় কোনো সরকারি হাসপাতাল নেই, যা এখানকার বাসিন্দাদের জন্য অত্যন্ত দুঃখজনক। আমি নির্বাচিত হলে এখানে একটি আধুনিক সরকারি হাসপাতাল প্রতিষ্ঠা করব।" শ্রমিকদের উদ্দেশ্যে তিনি জানান, তাদের সন্তানদের জন্য বিশেষ শিক্ষাবৃত্তি চালু করা হবে এবং সদরঘাটে ইজারার নামে চলা সকল প্রকার চাঁদাবাজি বন্ধ করা হবে। এছাড়াও তিনি বুড়িগঙ্গাকে দখল ও দূষণমুক্ত করে একটি দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
কোতোয়ালি দক্ষিণ থানা আমির মাওলানা মতিউর রহমানের সভাপতিত্বে ও থানা অর্থ সম্পাদক আবু বকর সিদ্দিকীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-০৭ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ হাজী এনায়েতুল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্যে হাজী এনায়েতুল্লাহ বলেন, "আমরা ফজরের নামাজ পড়ে ভোট দিতে যাব এবং ইনশাআল্লাহ ফলাফল নিয়ে ইফতার করব। আগামী ১২ তারিখ ব্যালটের মাধ্যমে সকল সন্ত্রাস ও চাঁদাবাজির জবাব দেওয়া হবে।" তিনি আরও যোগ করেন, "ড. আব্দুল মান্নান ভাই এবং আমি বিজয়ী হয়ে সমন্বিতভাবে বুড়িগঙ্গা নদী রক্ষা ও সংস্কারের কাজে হাত দেব।"
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন ৩৭নং ওয়ার্ডের বিশিষ্ট ব্যবসায়ী শামসুল হক খোকনসহ স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ। নির্বাচনী সভা শেষে একটি বিশাল মিছিল বের করা হয়, যা পুরান ঢাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সূত্রাপুর থানার সামনে পথসভার মাধ্যমে সমাপ্ত হয়।