• ঢাকা |

ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে শ্যামনগরে জামায়াতের জনসভা


নিউজ প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারী, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

আশিকুর রহমান, শ্যামনগর, (সাতক্ষীরা): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী গাজী নজরুল ইসলাম–এর পক্ষে শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ও ভূরুলিয়া ইউনিয়নে শনিবার (২৪ জানুয়ারি) পৃথক দুটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। এসব জনসভায় জামায়াত ও ১০ দলীয় জোটের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বিকাল ৩টায় প্রথম জনসভা অনুষ্ঠিত হয় ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। ঈশ্বরীপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আলমগীর হোসাইনের সভাপতিত্বে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজী নজরুল ইসলাম। এ সময় তিনি বলেন, দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে ‘হ্যাঁ’ ভোট দেওয়া জরুরি। সাধারণ মানুষের ন্যায় ও পরিবর্তনের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, শত দুঃখ-বঞ্চনার শিকার মানুষের পাশে দাঁড়াতে হলে এই প্রতীকে ভোট দেওয়াই হবে সঠিক সিদ্ধান্ত।

তিনি সংসদ সদস্য থাকাকালীন সময়ের উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে বলেন, ভেটখালী ব্রিজ নির্মাণের ফলে বংশীপুর–ভেটখালী–কৈখালী এলাকার যোগাযোগ ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। পাশাপাশি গ্রামীণ রাস্তাঘাট উন্নয়ন, মসজিদ ও মাদ্রাসা নির্মাণ এবং সরকারি বরাদ্দ সুষ্ঠুভাবে বণ্টনের মাধ্যমে মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে বলে তিনি দাবি করেন। ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, উপকূলীয় জনপদের মানুষের দুঃখ–দুর্দশা লাঘবে কৃষি খাত আধুনিকায়ন, লবণাক্ততা মোকাবিলায় কার্যকর উদ্যোগ, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষা ও চিকিৎসা খাতকে দুর্নীতিমুক্ত করে শ্যামনগরকে একটি মডেল উপজেলায় রূপান্তর করাই তার লক্ষ্য।

এ জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল জলিল, জেলা জামায়াত সদস্য মাওলানা আব্দুল মজিদ, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মইনুদ্দিন মাহমুদ, অধ্যক্ষ মাওলানা অহেদুজ্জামানসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জামায়াত নেতৃবৃন্দ।

বিকাল ৫টায় ভূরুলিয়া ইউনিয়নের রুদ্রপুর আলী মার্কেট প্রাঙ্গণে দ্বিতীয় জনসভা অনুষ্ঠিত হয়। ভূরুলিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার জিন্নাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় ১০ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, সুশাসন, ন্যায়বিচার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে একটি গ্রহণযোগ্য বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলা জরুরি। শ্যামনগরের উন্নয়ন ও উপকূলীয় মানুষের ন্যায্য অধিকার আদায়ে গাজী নজরুল ইসলামের অভিজ্ঞতা ও নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা মন্তব্য করেন।

দুটি জনসভাতেই নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। এসব কর্মসূচির মধ্য দিয়ে শ্যামনগরে জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণা আরও গতিশীল হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।