• ঢাকা |

ভূমিকম্পে সমন্বিত উদ্ধার কার্যক্রমে ‘ইমার্জেন্সি ইকুইপমেন্ট সাপোর্ট টিম’ গঠনের উদ্যোগ


নিউজ প্রকাশের তারিখ : ১০ আগস্ট, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

মোহাম্মদ আবু হানিফ: বড় ধরনের ভূমিকম্পের পর অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রম আরও দ্রুত ও কার্যকর করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ভারী উদ্ধার সরঞ্জাম একীভূতভাবে ব্যবহারের উদ্যোগ নিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এ লক্ষ্যে ‘ইমার্জেন্সি ইকুইপমেন্ট সাপোর্ট টিম’ গঠন, নিয়মিত সমন্বয়, প্রশিক্ষণ ও মহড়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

সোমবার (১০ আগস্ট) রাজধানীর মিরপুরে ফায়ার সার্ভিসের ইমার্জেন্সি অপারেশন সেন্টারের (ইওসি) সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় এসব উদ্যোগের কথা জানানো হয়। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ ও নরসিংদী জেলার ক্রেন, এক্সকেভেটরসহ বিভিন্ন ভারী উদ্ধার সরঞ্জামের মালিক সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট প্রতিনিধিরা সভায় অংশ নেন।

ভূমিকম্পের ঝুঁকির বিবেচনায় ঢাকা দেশের অন্যতম ঝুঁকিপূর্ণ এলাকা হওয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসির নির্দেশনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ঢাকা বিভাগ এ সভার আয়োজন করে।

সভায় প্রধান অতিথি ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান, পিএসসি।

 

সকাল ১১টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভা শুরু হয়। পরিচয়পর্ব শেষে স্বাগত বক্তব্য দেন ফায়ার সার্ভিসের উপপরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) মো. মামুনুর রশিদ।

 

প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান বড় ধরনের ভূমিকম্পের মতো দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিসের ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ ও নরসিংদী জেলার জোন কমান্ডার ও জেলা কর্মকর্তাদের সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে সমন্বয় ও যোগাযোগ আরও জোরদারের নির্দেশ দেন।

 

তিনি ভূমিকম্পের পর অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য আগাম পরিকল্পনা প্রণয়ন এবং প্রয়োজনীয় প্রশিক্ষণের আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।

 

সভায় উন্মুক্ত আলোচনায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক ও প্রতিনিধিরা অংশ নেন। তারা জাতীয় দুর্যোগের সময় নিজ নিজ অবস্থান থেকে ফায়ার সার্ভিসের উদ্ধার কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

হেভি ইকুইপমেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশের সভাপতি মো. আফজাল হোসেন ফায়ার সার্ভিসের উদ্ধার কার্যক্রমে যৌথভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে তিনি ভারী উদ্ধার সরঞ্জামের মালিক ও ব্যবসায়ীদের সমন্বয়ে ‘ইমার্জেন্সি ইকুইপমেন্ট সাপোর্ট টিম’ গঠনের প্রস্তাব দেন।

 

সভায় গণপূর্ত অধিদপ্তর, ঢাকা উত্তর সিটি করপোরেশন, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশন, সড়ক ও জনপথ অধিদপ্তর, এনডিই, আবুল মোমেন গ্রুপ, ম্যাক্স গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, আকিজ ইস্পাত, ম্যাক্সিম গ্রুপসহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক ও প্রতিনিধিরা বক্তব্য দেন।

 

সভায় অংশ নেওয়া প্রতিনিধিরা বলেন, ভূমিকম্পের মতো আকস্মিক দুর্যোগে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনার ক্ষেত্রে ভারী যন্ত্রপাতির বিকল্প নেই। তাই সরকারি উদ্ধার সংস্থার পাশাপাশি বেসরকারি খাতের ক্রেন, এক্সকেভেটর ও অন্যান্য ভারী সরঞ্জাম ব্যবহারের জন্য আগাম সমন্বয় ও প্রস্তুতি থাকা জরুরি। ফায়ার সার্ভিসের উদ্যোগকে তারা স্বাগত জানান।

 

সভায় প্রায় ৭০ জন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মালিক ও প্রতিনিধি অংশ নেন।

 

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে সভাপতির দায়িত্ব পালনকারী ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন বলেন, বড় দুর্যোগ মোকাবিলায় কোনো একক প্রতিষ্ঠানের পক্ষে একা কাজ করা সম্ভব নয়। সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

 

তিনি পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে রানা প্লাজা ভবন ধস এবং সাম্প্রতিক তুরস্ক ও মিয়ানমারের ভূমিকম্পের বিভিন্ন চিত্র তুলে ধরেন। একই সঙ্গে দুর্যোগের সময় সবাইকে ‘কাঁধে কাঁধ মিলিয়ে’ কাজ করার আহ্বান জানান।

 

তিনি হেভি ইকুইপমেন্টের মালিক ও ব্যবসায়ীদের নিয়ে ‘ইমার্জেন্সি ইকুইপমেন্ট সাপোর্ট টিম’ গঠন করে সংশ্লিষ্টদের মধ্যে যোগাযোগ ও সমন্বয় বাড়ানোর পাশাপাশি প্রশিক্ষণ ও মহড়া আয়োজনের ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ঢাকার সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান, পিএফএম; সহকারী পরিচালক (অপারেশন) এ কে এম শামসুজ্জোহা এবং ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ ও নরসিংদী জেলার ফায়ার সার্ভিসের জোন প্রধান ও জেলা কর্মকর্তারা।

ফায়ার সার্ভিস মিডিয়া সেল জানায়, ভূমিকম্পের মতো বড় দুর্যোগে দ্রুততম সময়ে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রম পরিচালনার সক্ষমতা বাড়াতেই অংশীজনদের নিয়ে এ প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়েছে।