• ঢাকা |

পিরোজপুরে স্বেচ্ছাশ্রমে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ


নিউজ প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

 

‎জাকির ফরাজীঃ খাল ও আশপাশের এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে সচেতন করা হয়।

‎রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে পিরোজপুর পৌরসভার কুমারখালি এলাকার কাজীবাড়ি খালে এ কর্মসূচি পালন করা হয়। এতে বিএনপির নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে খাল ও এর আশপাশে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন।

‎পরিচ্ছন্নতা অভিযান শেষে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। লিফলেটে বাড়ি ও আশপাশে পানি জমতে না দেওয়া, মশার প্রজননস্থল ধ্বংস করা এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানানো হয়।

‎কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন এবং পৌর প্রশাসক মাহমুদুর রহমান মামুনসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

‎এ সময় নেতারা বলেন, ডেঙ্গু মোকাবিলায় শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে মশার বংশবিস্তার রোধে কার্যকর উদ্যোগ নিতে হবে। এ জন্য বাড়িঘর, নালা-নর্দমা, খাল ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি জনসচেতনতা বাড়ানো জরুরি।

‎আয়োজকদের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের ঘরের আশপাশে জমে থাকা পানি দ্রুত অপসারণ, পরিত্যক্ত পাত্রে পানি জমতে না দেওয়া এবং মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করার আহ্বান জানানো হয়।