• ঢাকা |

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদ


নিউজ প্রকাশের তারিখ : ৪ অক্টোবর, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলে ছাত্রদল কর্তৃক শিক্ষার্থীদের ওপর সশস্ত্র হামলা এবং হামলার ভিডিও ধারণ ও সংবাদ সংগ্রহের সময় দৈনিক সমকাল, দ্য ডেইলি স্টার, বিডিনিউজ টোয়েন্টিফোর, আগামীর সময়সহ ৬ থেকে ৭টি গণমাধ্যমের সাংবাদিকদের পিটিয়ে রক্তাক্ত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ ৪ অক্টোবর এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “অভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশে গণমাধ্যমের কণ্ঠরোধ করতে সাংবাদিকদের ওপর এমন নৃশংস হামলার পুনরাবৃত্তি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের বেধড়ক মারধর, আহত করা এবং তাদের ‘পুঁতে ফেলার’ মতো হুমকি দেওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। ছাত্রদলের নেতাকর্মীদের এই ন্যক্কারজনক হামলা প্রমাণ করে, তারা ক্যাম্পাসে পুনরায় সন্ত্রাস ও দখলদারিত্বের রাজনীতি কায়েম করতে চায়।”

নেতৃবৃন্দ বলেন, “বিশ্ববিদ্যালয়ের মতো জ্ঞানচর্চার পবিত্র স্থানে রামদা, চাপাতি, হকিস্টিক, পাইপসহ দেশীয় অস্ত্র নিয়ে সশস্ত্র মহড়া দেওয়া এবং সাধারণ শিক্ষার্থী ও সংবাদকর্মীদের রক্তাক্ত করা কোনো সুস্থ ছাত্ররাজনীতির অংশ হতে পারে না। ছাত্রদলের এই ন্যক্কারজনক হামলা শুধু মুক্ত গণমাধ্যমের ওপর আঘাত নয়, বরং ক্যাম্পাসের সহাবস্থান, শিক্ষার স্বাভাবিক পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তার ওপর সরাসরি আঘাত।”

নেতৃবৃন্দ আরও বলেন, “ইতোপূর্বেও বিভিন্ন ক্যাম্পাসে শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর ছাত্রদলের নেতাকর্মীদের হামলার ঘটনা ঘটেছে। একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি প্রমাণ করে, ছাত্ররাজনীতিকে সহিংসতা, দখলদারিত্ব ও অসহিষ্ণুতার দিকে ঠেলে দেওয়াকে ছাত্রদল তাদের দলীয় এজেন্ডায় পরিণত করেছে। তাদের এ ধরনের কর্মকাণ্ডে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দিয়ে ক্যাম্পাসের ঘটনাবলি স্বাধীনভাবে গণমাধ্যমে প্রকাশের সুযোগ সংকুচিত করা হচ্ছে। একটি গণতান্ত্রিক ও মুক্ত পরিবেশে এ ধরনের সন্ত্রাসী আচরণের কোনো স্থান থাকতে পারে না।”

বিবৃতিতে নেতৃবৃন্দ অনতিবিলম্বে হামলায় জড়িত ছাত্রদলের নেতাকর্মীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে আহত শিক্ষার্থী ও সাংবাদিকদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা, ঘটনার নিরপেক্ষ তদন্ত করা এবং হামলার সময় উপস্থিত থেকেও পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা পালনে ব্যর্থ সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনার দাবি জানান।