ডেস্ক রিপোর্ট: রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে তলিয়ে যায়। বৃহস্পতিবার বিকেলে পল্টুন এলাকা থেকে বাসটি নদীতে পড়ে গেলে এতে থাকা অধিকাংশ যাত্রী হতাহত হন বলে আশঙ্কা করা হচ্ছে।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ এবং মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। বৃহস্পতিবার রাতে দেওয়া এক যৌথ শোকবার্তায় তারা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
নেতৃদ্বয় দ্রুত সময়ের মধ্যে ডুবে যাওয়া বাসটি উদ্ধার করে হতাহতদের প্রকৃত সংখ্যা প্রকাশের দাবি জানান। একই সঙ্গে দুর্ঘটনার সঠিক কারণ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য উপযুক্ত ক্ষতিপূরণ নিশ্চিত করার আহ্বান জানান।
তারা আরও বলেন, সড়ক ও নৌপথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। জ্বালানি তেল সংকটসহ পরিবহন খাতে বিদ্যমান নানা অব্যবস্থাপনা ও সিন্ডিকেটের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।