উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন; নতুন নেতৃত্বের হাতে ২০২৬-২০২৮ মেয়াদের দায়িত্ব
মো: বিল্লাল হোসেন (বাঙ্গরা) কুমিল্লা: উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে কুমিল্লা প্রেসক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত এ নির্বাচনে সভাপতি পদে কাজী এনামুল হক ফারুক, সাধারণ সম্পাদক পদে ইমতিয়াজ আহমেদ জিতু এবং সাংগঠনিক সম্পাদক পদে হুমায়ুন কবির জীবন নির্বাচিত হয়েছেন।
৩০ জুলাই অনুষ্ঠিত নির্বাচনে ক্লাবের নিবন্ধিত সদস্যরা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে গণনা সম্পন্ন হওয়ার পর প্রধান নির্বাচন কমিশনার শাহ মোহাম্মদ আলমগীর খান এবং নির্বাচন কমিশনার আবুল হাসানাত বাবুল ও বদরুল হুদা (জেনু) যৌথভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফলে দেখা যায়, সভাপতি পদে ৭১ টেলিভিশনের কাজী এনামুল হক ফারুক ২৭ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ডেইলি অবজারভারের মোহাম্মদ নজরুল ইসলাম দুলাল পান ২৩ ভোট এবং দৈনিক ভোরের আওয়াজের মোহাম্মদ সহিদ উল্লাহ মিয়াজী পান ১৯ ভোট।
সাধারণ সম্পাদক পদে একক আধিপত্য দেখান দৈনিক আজকের কুমিল্লার ইমতিয়াজ আহমেদ জিতু। তিনি ৬৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী দৈনিক মানবজমিনের জাহিদ হাসান পান ৩০ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে এটিএন নিউজের হুমায়ুন কবির জীবন ৪৭ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী জিটিভির মো. সেলিন রেজা মুন্সী পান ১৪ ভোট।
সহ-সভাপতি পদে সমান ৪২টি করে ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোহনা টেলিভিশনের তাওহীদ হোসেন (মিঠু) এবং দৈনিক ইনকিলাবের সাদিক হোসেন মামুন। সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর দেলোয়ার হোসেন আকাইদ, যিনি পেয়েছেন ৩৬ ভোট।
অর্থ সম্পাদক পদে দৈনিক আমার দেশের শাহ আলম শফি ৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। দপ্তর সম্পাদক পদে দৈনিক কুমিল্লার আলোর ওমর ফারুকী তাপস পেয়েছেন ৩৪ ভোট। পাঠাগার সম্পাদক নির্বাচিত হয়েছেন সাপ্তাহিক সমতটের কাগজের জি এম জামাল উদ্দিন (দামাল), তাঁর প্রাপ্ত ভোট ৬২।
বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি ও গবেষণা সম্পাদক পদে সাপ্তাহিক মেগোতির মো. আসিফ হোসাইন মোল্লা ৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক প্রতিদিনের বাংলাদেশের দিলীপ মজুমদার, তাঁর প্রাপ্ত ভোট ৩৫।
প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক কুমিল্লা কণ্ঠের রিপন চন্দ্র দাস বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ছয়জন। তাঁরা হলেন— সাপ্তাহিক বর্তমান প্রতিদিনের মো. সহিদ উল্লাহ (৬২ ভোট), দৈনিক ভোরের পাতার এইচ এম জাকারিয়া মানিক (৫৩ ভোট), যমুনা টেলিভিশনের রফিকুল ইসলাম চৌধুরী খোকন (৫১ ভোট), এখন টেলিভিশনের খালেদ সাইফুল্লাহ (৪৪ ভোট), ডেইলি নিজ এজের ইয়াসমীন রীমা (৪১ ভোট) এবং বৈশাখী টেলিভিশনের মো. আনোয়ার হোসাইন (৩৮ ভোট)।
নবনির্বাচিত নেতৃত্ব কুমিল্লা প্রেসক্লাবকে আরও কার্যকর, ঐক্যবদ্ধ ও পেশাদার সাংবাদিকতার কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছেন সদস্যরা। সাংবাদিকদের আশা, নতুন কার্যনির্বাহী পরিষদ সদস্যদের পেশাগত অধিকার, দক্ষতা উন্নয়ন, কল্যাণমূলক কার্যক্রম এবং ক্লাবের সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।