• ঢাকা |

রাবির গ্রন্থাগারে হামলার অভিযোগে মানববন্ধন, বিচারের দাবিতে পাঁচ দফা কর্মসূচি


নিউজ প্রকাশের তারিখ : ২৯ জুলাই, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

শামীম রহমান, রাজশাহী ব্যুরো: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগের প্রতিবাদ এবং জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন একদল শিক্ষার্থী। বুধবার (২৯ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ❝রাবির সাধারণ শিক্ষার্থী❞ ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, নারী-সংক্রান্ত একটি ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় গ্রন্থাগারের রিডিং রুমে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তারা ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মী এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সংশ্লিষ্ট কয়েকজন প্রতিনিধির বিরুদ্ধে অভিযোগ তুলে দ্রুত তদন্ত এবং দোষীদের বিচারের দাবি জানান।

একপর্যায়ে রাবি শাখা ছাত্রদলের নেতা-কর্মীরাও মানববন্ধনে সংহতি প্রকাশ করে অংশ নেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহি, সিনিয়র সহসভাপতি সাকিলুর রহমান সোহাগ, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মিঠু, যুগ্ম সম্পাদক হিমেলসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মিঠু দাবি করেন, অভিযুক্তদের মধ্যে কয়েকজন অতীতে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ না করলে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধন থেকে শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে— আগামী ১০ দিনের মধ্যে হামলাকারীদের ছাত্রত্ব বাতিল করে গ্রেপ্তার এবং আইনের আওতায় আনা, ঘটনায় জড়িত রাকসু প্রতিনিধিদের পদ থেকে অপসারণ ও বহিষ্কার, প্রক্টর দপ্তরে জমা দেওয়া অভিযোগের নিরপেক্ষ তদন্ত, নারী শিক্ষার্থীকে কেন্দ্র করে উত্থাপিত অভিযোগের স্বচ্ছ তদন্ত এবং ভবিষ্যতে ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ।

এদিকে ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের বর্তমান প্রশাসক অধ্যাপক ড. এস এম কামরুজ্জামান বলেন, কেন্দ্রীয় গ্রন্থাগারসহ সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কি না এবং ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে এ কমিটি কাজ করবে।

তিনি জানান, তদন্ত কমিটি পুলিশ প্রশাসনের সহযোগিতায় কেন্দ্রীয় গ্রন্থাগার, রাকসু ভবন ও প্রক্টর দপ্তর পরিদর্শন করবে। এখন পর্যন্ত কোনো ভিডিও ফুটেজ বা আলোকচিত্র পর্যালোচনা করা হয়নি। সরেজমিন পরিদর্শন এবং তথ্য-প্রমাণ সংগ্রহের মাধ্যমে তদন্ত কার্যক্রম পরিচালিত হবে। তদন্ত প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

অন্যদিকে, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও উপপুলিশ কমিশনার মো. গাজিউর রহমান বলেন, সার্বিক পরিস্থিতির ওপর আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি অব্যাহত রয়েছে এবং প্রয়োজনীয় সমন্বয় কার্যক্রম চলমান আছে।