• ঢাকা |

ব্রুনাই হাইকমিশনারের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক


নিউজ প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র ও জ্বালানি সংকট নিয়ে আলোচনা

কূটনৈতিক প্রতিবেদক: বাংলাদেশে নিযুক্ত ব্রুনাইয়ের হাইকমিশনার হাজি হারিস বিন হাজি ওসমান বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন।

রোববার সকাল সাড়ে ১০টায় রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ব্রুনাই হাইকমিশনারের সঙ্গে ছিলেন হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি রোজাইমি আব্দুল্লাহ।

বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বাংলাদেশ ও ব্রুনাইয়ের দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা নিয়েও মতবিনিময় করেন তারা।

বিশেষ গুরুত্ব পায় বাংলাদেশের চলমান জ্বালানি সংকট। এ সংকট মোকাবিলায় ব্রুনাইয়ের সম্ভাব্য ভূমিকা ও সহযোগিতার বিষয়টি বৈঠকে আলোচিত হয়। একই সঙ্গে দুই দেশের মধ্যে বিনিয়োগ ও বাণিজ্য আরও সম্প্রসারণের বিভিন্ন সম্ভাবনা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে ভবিষ্যতে বাংলাদেশ ও ব্রুনাইয়ের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

বৈঠক শেষে ডা. শফিকুর রহমান ব্রুনাইয়ের হাইকমিশনারকে সাম্প্রতিক জুলাই আন্দোলনের বিভিন্ন গ্রাফিতি ঘুরে ঘুরে দেখান।

বৈঠকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।